
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী তালুকদার পাড়ায় ধানক্ষেত থেকে বেকারি ব্যবসায়ী জহুরুল ইসলাম (৪০), এর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জহুরুল ইসলাম ওই গ্রামের মখলেছুর রহমানের ছেলে। তিনি স্থানীয়ভাবে বেকারির ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত ১১টার দিকে জরুরি কাজের কথা বলে জহুরুল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে গ্রামের ধানক্ষেতে তার লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মঞ্জুর ও সদর থানার ওসি’র নেতৃত্বে পুলিশের একটি দল। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।