প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:২২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ৬:১৬ অপরাহ্ণ
মোল্লাহাটে পুলিশ সদস্যের বাড়িতে মধ্যরাতের ডাকাতি: নগদ ৫ লাখ ও স্বর্ণালঙ্কার লুট

রায়হান শেখ,মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
গভীর রাতে পরিবারের সবাই ঘুমে আচ্ছন্ন। হঠাৎ টিনের বেড়ায় শব্দ—তারপরই শুরু হয় আতঙ্কের রাত। বাগেরহাটের মোল্লাহাটে এক পুলিশ সদস্যের বাড়িতে সংঘটিত হয় দুর্ধর্ষ ডাকাতি।
শনিবার (১ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার ঘোড়াদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাদি মিয়া কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক আজাদ কাজী খুলনার দিঘলিয়া থানাধীন গাজীরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। বাড়িতে ছিলেন স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্য সদস্যরা।
পরিবারের সদস্যদের ভাষ্য, ১০–১২ জন মুখোশধারী ডাকাত টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। ডাকাতরা প্রায় ১৫–২০ মিনিট ধরে ঘর তছনছ চালিয়ে পালিয়ে যায়।
আজাদ কাজী বলেন, “জমি কেনার জন্য আমি ৫ লাখ টাকা বাড়িতে রেখেছিলাম। সোমবার রেজিস্ট্রেশন করার কথা ছিল। ডাকাতরা সেই টাকা আর স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।”
তিনি আরও জানান, “ঘটনার সময় পরিবারের নারী ও শিশুরা চুপচাপ কাঁপছিল। ডাকাতরা ভয় দেখিয়ে চিৎকার করতে দেয়নি।” খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি মোঃ ফজলুল হক বলেন, “আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
স্থানীয়দের মতে, ভুক্তভোগী পুলিশ সদস্য হওয়ায় ডাকাতরা পূর্বপরিকল্পিতভাবে তার বাড়িকে টার্গেট করেছে। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.