প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৫, ৫:৪১ অপরাহ্ণ
উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় মোল্লাহাট সরকারি খাদ্য গুদাম মোড়স্থ যুবদল কার্যালয় থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খলিলুর রহমান ডিগ্রি কলেজের শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালির শুরুতে বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “যুবদল সবসময় বিএনপির ঢাল হিসেবে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। দলীয় ঐক্য রক্ষা করে আমাদের আগামী দিনের আন্দোলনে আরও সক্রিয় হতে হবে।”
তিনি জামায়াতের সমালোচনা করে বলেন, “নির্বাচন ঘিরে জামায়াত বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে—বিএনপিকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।”
এ সময় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, বিএনপি নেতা শেখ ইকবাল, জাহিদ খানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন শেখ জিয়াউর রহমান এর নেতৃত্বে অংশ নেন—সাবেক উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএম মোস্তাফিজুর রহমান, যুবদল নেতা শেখ শিমুল, মোছা আলী রেজা, মঈনুল শরীফ, আল হাফিজ, জিয়াউর রহমান, রাসেল খান, সবুর শিকদার, পলাশ, মামুন, মোঃ আল মামুন শেখ,ইমদাদুল শেখ সহ নয়টি ইউনিয়নের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র ও জাতীয় স্বাধীনতা রক্ষার আন্দোলনে যুবদলকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে খলিলুর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.