
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে ভিক্ষা করে জমানো তিন বস্তা টাকা উদ্ধার হয়ে আলোচনায় আসা সালেহা বেগম (৬৫) মারা গেছেন। স্থানীয়ভাবে সবাই তাকে ‘সালে পাগলী’ নামে চিনতেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে সালেহা বেগমকে সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা গেছে, অসুস্থ অবস্থায় প্রথমে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার লিভার ক্যান্সার শনাক্ত করেন।
সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শাহরিয়ার শিপু বিষয়টি নিশ্চিত করে বলেন, সালে পাগলী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। শুক্রবার মারা গেছেন, শনিবার জানাজা শেষে দাফন করা হয়েছে৷ তার জমানো টাকা ইসলামী শরিয়ত মোতাবেক ভাগ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় সালেহা বেগমের বসতঘর থেকে দুইদিনের ব্যবধানে তিন বস্তা টাকা উদ্ধার করে এলাকবাসী৷ সেখানে ব্যবহারযোগ্য টাকার পরিমাণ ছিল ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা। সেই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২