প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ
মেধা ও প্রেরণার মিলনমেলা: ‘শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি–২০২৫’ পেলেন ৬৯ জন

মিজানুর রহমান
তুরস্ক প্রবাসী শিহাব আহমেদের উদ্যোগে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ৬৯ জন মেধাবী শিক্ষার্থী শিক্ষাবৃত্তি পেয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয় শিহাব আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে।
জানা গেছে, তিস্তা, ধরলা ও সানিয়াজান নদী বেষ্টিত জেলা লালমনিরহাটের অধিকাংশ পরিবার দারিদ্রসীমার নিচে বসবাস করে। এসব পরিবারের অনেক মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই এসব শিক্ষার্থীর স্বপ্ন পূরণের জন্য পাশে দাঁড়ায় শিহাব আহমেদ ফাউন্ডেশন।
গত বছর হাতীবান্ধা ও পাটগ্রাম দুই উপজেলার ৩১ জন শিক্ষার্থীকে নিয়ে শিক্ষাবৃত্তি কার্যক্রম শুরু করা হয়। এবার এ কার্যক্রমে অনার্স পড়ুয়া আরও ৬৯ জন শিক্ষার্থী যুক্ত হয়েছেন। শিক্ষার্থীরা প্রতি মাসে শিক্ষা উপকরণসহ দুই হাজার টাকা পাবেন।
শিহাব আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী তুরস্ক প্রবাসী শিহাব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিহাব আহমেদ বলেন, “আমার স্বপ্ন হলো দুই উপজেলার অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। আমি অনেক কষ্টের মধ্য দিয়ে এই অবস্থানে এসেছি। তাই সেই অভিজ্ঞতা থেকে এলাকার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “গত বছর থেকে ‘শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি’ কার্যক্রম চালু করা হয়েছে, যা এখনও চলমান। ইতোমধ্যে এই বৃত্তি পেয়ে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছে। ভবিষ্যতেও শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে, যাতে মেধাবী শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণের সুযোগ পায়।”
শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থী সবুজ হোসেন (সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ, অনার্স দ্বিতীয় বর্ষ) বলেন, “শিহাব আহমেদ আমাদের শুধু সহযোগিতা করেননি, তিনি আমাদের পড়াশোনার প্রতি আত্মবিশ্বাসী হতে শিখিয়েছেন।”
আরেক শিক্ষার্থী মাহবুবা আক্তার বলেন, “শিহাব আহমেদ শুধু অর্থ দেননি, তিনি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন। একদিন আমিও চাই সমাজের জন্য কিছু করতে চাই।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.