প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১০:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ
ভালোবাসার বন্ধন থেকে বিয়ে অতঃপর মিথ্যা অপহরণ মামলায় নববিবাহিত স্বামী কারাগারে

রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে, ছেলে-মেয়ে সদিচ্ছায় বিয়ে করলেও অপহরণ মামলায় কারাগারে যুবক। ঘটনাটি ঘটেছে, নীলফামারী জেলার ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নে।
জানা যায় উর্মি ও সেতুর ভালোবাসার সম্পর্ক দীর্ঘ কয়েক বছরের। তাদের সম্পর্ক পরিবার মেনে নিবে না জেনেই, পরিবারের অমতেই ৮ই অক্টোবর তিন লক্ষ টাকা দেনমোহরে পঞ্চগড়ে বিয়ে করেন তাঁরা ।
ছেলের বাবা সাজু ইসলাম বলেন, জানতে পারি আমার ছেলে পঞ্চগড়ে বিয়ে করে তাঁরা পঞ্চগড়ের আটোয়ারীতে আছে। পরে ডোমার থানা পুলিশ ও আটোয়ারী থানা পুলিশ সহ সেখানে উপস্থিত থেকে তাঁদের দুজনকে উদ্ধার করে ৷পরবর্তীতে আমার দুই ছেলেসহ তিনজনের নামে অপহরণ মামলা দিয়ে আমার আটককৃত ছেলেকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে৷
মামলার এজাহারে ডোমার উপজেলার বোড়াগাড়ী ব্রিজের পাশে ব্লু স্টার স্কুলের সামনে থেকে অপহরণের ঘটনা উল্লেখ থাকলেও ৮ই অক্টোবর অপহরণের বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সহ স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে চাওয়া হলে তাঁরা বলেন, আশেপাশে এই ধরনের কোন অপহরণের ঘটনা ঘটেনি।
ব্লু স্টার স্কুলের সামনে ফল বিক্রেতা গোলাম মোস্তফা বলেন, আমার দোকান সকাল থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকে কিন্তু আমরা এরকম কোন কিছু লক্ষ্য করিনি । ব্লু স্টার স্কুলের প্রধান শিক্ষক সুজিত রায় বলেন, স্কুলের সামনে কোন অপহরণের ঘটনা ঘটেনি এবং কারো কাছে শুনিও নি।
স্কুলের পাশে বক্করের মোড়ে গেলামাল দোকানদার স্বপন ইসলাম বলেন, সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত আমার দোকান খোলা থাকে এই ধরনের অপহরণের ঘটনা আমাদের এলাকায় ঘটেনি এবং কারো কাছে শুনিও নি। স্কুলের সামনে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করেও কোন অপহরণের ফুটেজ পাওয়া যায়নি।
অপহরন মামলার বাদী,মেয়ের চাচা মো: রফিকুল ইসলাম বলেন, অপহরণের বিষয়ে আমরা কোন তথ্য দিবোনা,কোর্টে দিবো আপনারা মাঠে সত্য উদঘাটন করেন।
মামলা তদন্তকারী ডোমার থানার এসআই কাজল রায় বলেন, সাধারন ডায়েরীর ভিত্তিতে আমরা আটোয়ারী থেকে তাদের দুজনকে উদ্ধার করি। থানায় উর্মি মেয়েটি স্বীকারোক্তি দিয়েছে তাকে ব্লু স্টার স্কুলের সামনে থেকে অপহরণ করেছে। বর্তমানে মামলা চলমান রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.