গতকাল মঙ্গলবার রাত ৮ ঘটিকায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় ভয়াবহ এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
তথ্য সংগ্রহের কাজে থাকা অবস্থায় কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য, দৈনিক রূপান্তর প্রতিদিন এবং দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান সনেট এর উপর নৃশংস হামলা চালায় বারোবাজার বাদেডিহী গ্রামের মৃত ফসিয়ারের ছেলে আনোয়ার হোসেন আনার।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আনার একটি চাইনিজ কুড়াল দিয়ে সাংবাদিক আসাদুজ্জামান সনেটকে কুপিয়ে গুরুতর জখম করে।
আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এছাড়া, আনার দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং সম্প্রতি সাংবাদিক সনেটের নামে ফেসবুকে ভিত্তিহীন, মিথ্যা ও আপত্তিকর পোস্ট প্রচার করে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
এই বিষয়ে সাংবাদিক সনেট সরাসরি কারণ জানতে চাইলে, আনার ক্ষিপ্ত হয়ে হামলা চালায় বলে জানা যায়।
এই সন্ত্রাসী হামলার ঘটনায় সাংবাদিক মহলসহ সচেতন নাগরিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
তারা দোষী ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছেন।
সাংবাদিক আসাদুজ্জামান সনেটের স্বজনরা জানিয়েছেন যে, আক্রমণকারী আনার ও তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন এবং শারীরিক হামলার ঘটনায় পৃথক দুটি মামলা করার প্রস্তুতি চলছে।
কালীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আমরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি,
সাংবাদিক আসাদুজ্জামান সনেটের উপর এই বর্বরোচিত হামলার বিচার দ্রুত সম্পন্ন করা হোক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।