প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ
সার সংকট নিরসনে ঠাকুরগাঁওয়ে এনসিপির স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁও প্রতিনিধি
সার সংকট নিরসনে ঠাকুরগাঁওয়ে এনসিপির স্মারকলিপি প্রদান। সার সংকট দূরীকরণ সিন্ডিকেট নির্মূল এবং কৃষকদের জন্য সারের সঠিক সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে সাত দফা স্মারকলিপি জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হক সুমনের কাছে স্মারকলিপিটি তুলে দেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী গোলাম মর্তুজা সেলিম। এই সময় জেলা কমিটির অন্যান্য নেতাদেরও উপস্থিতি ছিল।
এনসিপির স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঠাকুরগাঁও জেলায় মোট আবাদি জমির আকার দেড় লাখ হেক্টরের অধিক। কিন্তু কৃষকদের প্রকৃত চাহিদার তুলনায় সরকারীভাবে বরাদ্দকৃত সারের পরিমাণ এক-চতুর্থাংশেরও কম হওয়ায় কৃষকরা বাধ্য হয়ে সিন্ডিকেট চক্রের কাছে অধিক মূল্যে সার ক্রয় করতে বাধ্য হচ্ছেন।
নেতারা স্মারকলিপির মাধ্যমে সারের যথেষ্ট পরিমাণ বরাদ্দ, বণ্টনে কঠোর নজরদারি, কালোবাজারি প্রতিরোধ ও কৃষকদের ক্ষতি পূরণের জন্য বিশেষ বরাদ্দ প্রদানের দাবী জানান।
গোলাম মর্তুজা সেলিম বলেন, “আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি— সারের সরবরাহে সিন্ডিকেট বন্ধ করতে হবে এবং কৃষক যেন নির্ধারিত দামে সহজে সার পায় তা নিশ্চিত করতে হবে। ঠাকুরগাঁও কৃষিনির্ভর জেলা, তাই এখানে সার সংকট মানে কৃষির ক্ষতি।”
তিনি আরও বলেন, কৃষকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা গেলে দেশের খাদ্য নিরাপত্তা এবং কৃষি অর্থনীতি আরও মজবুত হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.