প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
বগুড়ায় এনসিপি’র সমন্বয় সভা চলাকালে ককটেল নিক্ষেপ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সমন্বয় সভা চলাকালে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সভাটি চলাকালে এই ককটেল হামলার ঘটনা ঘটে। ওই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বগুড়া জেলা এনসিপি নেতা ডা. সানি জানান, এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে তাদেও সমন্বয় সভা চলছিল। এসময় জেলা পরিষদ চত্বরে দু’টি ককটেল নিক্ষেপ করা হয়। এরমধ্যে একটি বিষ্ফোরিত হলেও অপরটি অবিষ্ফোরিত থেকে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, এনসিপি’র সমন্বয় চলাকালে পুলিশ কঠোর অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে করতোয়া নদীর পাশে একটি ভবনের ছাদ থেকে দুর্বৃত্তরা জেলা পরিষদ চত্বরে দু’টি ককটেল নিক্ষেপ করে। এরমধ্যে একটি ককটেল বিষ্ফোরিত হয়। অপরটি অবিষ্ফোরিত থেকে যায়, যা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। ককটেল নিক্ষেপকারীদের শনাক্ত করে গ্রেফতার করতে অভিযান চলছে।
এর আগে জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বগুড়ায় আসেন সারজিস আলম। বগুড়া জেলা পরিষদের অডিটরিয়ামে আরেকটি সমন্বয় সভায় যোগ দিতে বিকেল ৩টায় সেখানে আসেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে জেলা পরিষদে সমন্বয় সভায় যোগ দেন তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.