
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৩নং সলপ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি ও সাধারণ মানুষের কাছ থেকে সরকারি সেবার নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা,টিসিবি কার্ড, মাসিক চাউল কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা দেয়ার নাম করে সদস্য রফিকুল ইসলাম এলাকার হতদরিদ্র মানুষের কাছ থেকে ৩,০০০ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত আদায় করেছেন। টাকা না দিলে নাম বাদ দেয়া বা আবেদন বাতিলের হুমকি দেয়া হতো বলে অভিযোগকারীরা জানান।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ভুক্তভোগী বলেন, আমরা কার্ড পাইনি, শুধু টাকা নিয়েছে। এখন টাকা ফেরতও দিচ্ছে না।
অন্যদিকে, ইউপি সদস্য রফিকুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো কার্ডের জন্য কারও কাছ থেকে টাকা নেইনি। আমার বিরুদ্ধে যারা অভিযোগ করছে তারা রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য মিথ্যা প্রচার চালাচ্ছে।
এ বিষয়ে সলপ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ সরকারি সুবিধা নিতে টাকা দিলে সেটা অপরাধ।
স্থানীয় সচেতন মহলের দাবি, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে সাধারণ মানুষের প্রাপ্য সুবিধা ও ভাতা প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছানো নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত