
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেছেন, বিএনপি হচ্ছে সেই দল যে রাজনৈতিক দল অন্যায়ের সাথে আপোষ করে না। যে রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য কখনো ভারতের তাঁবেদারি করেনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত দলের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক ঐক্য আরও শক্তিশালী করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি এ কে এম কিবরিয়া স্বপন বলেন, এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছেন। এই গণতন্ত্রের জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অনেক নির্যাতন সহ্য করেছেন, জেল খেটেছেন। এই বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য তিনি কখনো আপোষ করেনি। এই জন্য আমাদের নেতা তারেক রহমান আজকেও বিদেশে রয়েছেন। সেদিন যদি আমাদের নেত্রী ওই শেখ হাসিনার সাথে আপোষ করতেন তাহলে তার বাড়ি ভাঙচুর করা হতো না। আজকে তারেক রহমান যদি স্বৈরাচারের সাথে আপোষ করতো তাহলে তাকে বিদেশে থাকতে হতো না।
মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
খন্দকার নাসিরুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে৷ এরজন্য সকল প্রকার ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি ওয়ার্ড পর্যায়ে টিম গঠন করে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস। সঞ্চালনায় ছিলেন দলটির সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রশিদ বাচ্চু, অপর যুগ্ম আহবায়ক আজম খান, পৌর বিএনপির সাবেক আহবায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আহমেদ সিকদার, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা হাসিবুল হাসান হাসিব, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আমিনুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিটন মোল্যা, অপর যুগ্ম আহবায়ক শাহরিয়ার আল হাবিব, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আরিফুজ্জামান আরব, পৌর ছাত্রদলের সভাপতি সোহেল শরীফ ও টগরবন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সুজন প্রমুখ।