প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৮:৫১ অপরাহ্ণ
শ্রীনগরে অবৈধ অস্ত্রের প্রশিক্ষণ ভিডিও ভাইরাল, জড়িতদের শনাক্ত করেছে পুলিশ

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলার পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে অবৈধ অস্ত্র হাতে প্রশিক্ষণ নেওয়া ও গুলি ছোঁড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে চারজন যুবককে জনশূন্য এলাকায় প্রকাশ্যে দুটি আগ্নেয়াস্ত্র হাতে গুলি চালাতে ও অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিতে দেখা গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই শ্রীনগর উপজেলা জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের একটি ঘটনার। এতে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাঘরা এলাকার রাসেল, কামারখোলা এলাকার ফয়সাল, মথুরাপাড়ার আহির (টুপি পরিহিত), এবং মথুরাপাড়ার অর্পণ (কালো পাঞ্জাবি পরিহিত)। স্থানীয় ও পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
যদিও ভিডিও দেখে সুনির্দিষ্টভাবে ঘটনাস্থল শনাক্ত করা সম্ভব হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি শ্রীনগর উপজেলার বাঘরা গ্রামেই ধারণ করা হয়েছে। ভিডিওতে বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রাসেলের মুখ দেখা না গেলেও, তার কণ্ঠস্বর স্পষ্টভাবে শনাক্ত করেছেন স্থানীয়রা। ভিডিওতে দেখা যায়, ফয়সাল নামে এক যুবক আহির নামের আরেকজনকে গুলি ছোঁড়ার প্রশিক্ষণ দিচ্ছেন।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান মঙ্গলবার রাত সাড়ে ছয়টার দিকে বলেন, ভিডিওটি ৬-৭ মাস আগের বলে জানা গেছে। কারণ ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের একজনের চোখ কয়েক মাস আগে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছিল। তবে ভিডিওটি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রাতেই আমি নিজে পুলিশের একটি টিম নিয়ে অভিযানে যাই। তাদের বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আমরা তাদের অবস্থান শনাক্ত করেছি। অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে। এছাড়াও রাসেলের বিরুদ্ধে এর আগেও বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
বিষয়টি নিয়ে সাংবাদিকরা রাসেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.