
শাহজাহান সাজু কিশোরগঞ্জ::
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় দুই পক্ষের সংঘর্ষে রুমান মিয়া (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় উভয় পক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমান মিয়ার মৃত্যু হয়। ইটনা থানারঅফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল ও স্থানীয় মৃগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রুমান মিয়া (২১) ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামে দীর্ঘদিন ধরেই জসিম মেম্বার গোষ্ঠী এবং করিম মিয়ার গোষ্ঠীর লোকদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। গত দুই দিন পূর্বে করিম মিয়ার গোষ্ঠীর একজন জসিম মেম্বার গোষ্ঠীর বাড়িতে গরু চুরি করতে যান। এই সময় স্থানীয় লোকজন একটি গরু উদ্ধার করেন। বিষয়টি নিয়ে সামাজিক বিচারের আয়োজন করা হলেও রোববার (১২ অক্টোবর) দুপুরে জসিম মেম্বার ও করিম মিয়ার গোষ্ঠীর লোকদের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এই সময় দেশীয় অস্ত্রের আঘাতে জসিম মেম্বার গোষ্ঠীর রুমান মিয়া গুরুতর আহত হন। এছাড়াও সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৩০ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় রুমান মিয়াকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল