
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: জুলাই সনদের আইনি ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বগুড়ায় বিশাল গণমিছিল ও গণজমায়েত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (১২ অক্টোবর) সকালে শহরের পৌর পার্কে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়। শহর ও জেলা জামায়াতের যৌথ আয়োজনে এ কর্মসূচিতে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে।
গণজমায়েতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং বগুড়া-১ আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া-৭ আসনের প্রার্থী গোলাম রব্বানী।
এছাড়া বক্তব্য দেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ, শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা আব্দুল হাকিম সরকার, বগুড়া-৩ আসনের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার সভাপতি আজগর আলী প্রমুখ।
গণজমায়েত শেষে এক বিশাল গণমিছিল পৌর পার্ক থেকে শুরু হয়ে শহরের জিরো পয়েন্ট সাতমাথা হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বটতলায় গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে জামায়াতের নেতৃবৃন্দ আবারও বক্তব্য প্রদান করেন।
এই কর্মসূচির অংশ হিসেবে জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক হোসনা আফরোজার কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান শেষে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
গণমিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা “জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করো”, “পিআর পদ্ধতিতে নির্বাচন চাই” ইত্যাদি স্লোগান দেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ