হোম » সারাদেশ » বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে ৬২.৭ লিটার দেশীয় মদসহ তিনজন গ্রেফতার

বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে ৬২.৭ লিটার দেশীয় মদসহ তিনজন গ্রেফতার

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ এর সিপিএসসি, বগুড়ার একটি বিশেষ অভিযানে ৬২.৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

‎গত শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, বগুড়া জেলার সদর থানার আওতাধীন বগুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ১ নম্বর রেলঘুন্টি এলাকায় ‘নাসিমা স্যানেটারি’ দোকানের সামনে অবৈধ মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয় চলছে। ‎র‍্যাব-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় সিপিএসসি, বগুড়ার একটি চৌকস দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান পরিচালনা করে তিনজনকে হাতেনাতে আটক করে।

‎গ্রেফতারকৃতরা হলেন: বাদল হরিজন (৩৫), পিতা: মৃত বাদল হরিজন, ঠিকানা: চকসূত্রাপুর হরিজন কলোনী, চামড়া গুদাম এলাকা, সদর উপজেলা বারুদ হরিজন (২৫), একই এলাকার বাসিন্দা সোহাগ মাহামুদ (২৬), পিতা: আব্দুল করিম, ঠিকানা: হাট শেরপুর, সারিয়াকান্দি উপজেলা।

‎তাদের কাছ থেকে ৬২.৭ লিটার চোলাই মদ, একটি লাল-কালো HONDA স্কুটি (রেজি. নং: বগুড়া-হ-১৮-২৬৪৭), একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল ফোন, চারটি সিমকার্ড এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত নগদ ১১,৩০০ টাকা জব্দ করা হয়েছে।

‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব-১২ জানায়, মাদক নির্মূল ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। মাদক ও অপরাধমুক্ত বাংলাদেশ গঠনে র‍্যাবের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!