হোম » সারাদেশ » মোল্লাহাটে মা-ইলিশ সংরক্ষণ ও অবৈধ পুশিং অভিযানে ১০০ কেজি মাছ জব্দ

মোল্লাহাটে মা-ইলিশ সংরক্ষণ ও অবৈধ পুশিং অভিযানে ১০০ কেজি মাছ জব্দ

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে মা-ইলিশ সংরক্ষণ ও চিংড়িতে অবৈধ জেলি পুশ বন্ধে পরিচালিত অভিযানে মোট ১০০ কেজি মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহার নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৪ কেজি মা-ইলিশ ও ৯৬ কেজি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত পুশকৃত চিংড়ি জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং পুশমুক্ত মাছ নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি রাজস্ব খাতে জমা দেওয়া হয়।
অভিযান চলাকালে গিরিশনগর এলাকার মাছ বিক্রেতা মনিরুজ্জামান (৩৫) কে মা-ইলিশ বিক্রির দায়ে আটক করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলার গাওলা ইউনিয়নের নাশুখালী বাজারে অভিযান চালিয়ে ৯৬ কেজি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায় বলেন, “চিংড়িতে পুশ করা রাসায়নিক পদার্থ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর, যা ক্যান্সারসহ নানা রোগের কারণ হতে পারে। এই অবৈধ কার্যক্রম রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাক, যাতে কেউ এই ক্ষতিকর প্রক্রিয়ায় জড়িত না হয়।”
অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা বলেন, “মা-ইলিশ সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে আছে। স্থানীয় জনগণের মধ্যে ইতোমধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। পুশকৃত চিংড়ি শুধু স্বাস্থ্যের জন্য নয়, দেশের রপ্তানি বাজারের জন্যও হুমকি। এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।”
স্থানীয় বাসিন্দাদের মতে, এই ধরনের নিয়মিত অভিযান বাজারে ভেজাল ও ক্ষতিকর মাছ বিক্রি বন্ধে কার্যকর ভূমিকা রাখবে। তবে কেউ কেউ দাবি করেন, বড় ব্যবসায়ীদেরও একইভাবে জবাবদিহিতার আওতায় আনা উচিত।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!