
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় মারধরের প্রতিবাদ করায় এক কৃষকের পেঁপে ও পেয়ারা বাগানের ৫০টির অধিক গাছ কেটে ফেলা হয়েছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী কৃষক শাহীন আলম (৪০)। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
ঘটনাটি ঘটেছে গত রবিবার দিবাগত রাতে, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে। শাহীন আলম ওই গ্রামের মৃত আলেপ আলীর ছেলে এবং পেশায় একজন কৃষক। তিনি জানান, গত বছর বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে ৫ বিঘা জমি লিজ নিয়ে পেঁপে ও পেয়ারা চাষ শুরু করেন। গাছগুলোতে ফল আসা শুরু হয়েছিল এবং ইতোমধ্যে কিছু পেঁপে বাজারজাতও করেছেন। পেয়ারা বিক্রির প্রস্তুতিও চলছিল।
কৃষক শাহীন জানান, ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয় বিষ্ণপুর চারমাথা বাজারে এক ব্যক্তি, আবু তাহেরকে মারধর করছিলেন একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ ইসলাম। তিনি বিষয়টি ঠেকাতে গেলে নাহিদ ইসলাম তাকেও মারধর করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। এর পর রাতেই বাগানে হামলা চালিয়ে ৫০টিরও বেশি গাছ কেটে ফেলা হয়।
ভুক্তভোগী কৃষকের অভিযোগ, “আমি ধার দেনা করে এই বাগান করেছি। এখন আমি পথে বসেছি। আমার ক্ষতি পূরণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
স্থানীয় সূত্রে জানা গেছে, নাহিদ ইসলামের বিরুদ্ধে আগেও এমন মারধর ও হেনস্তার অভিযোগ রয়েছে। কয়েকদিন আগেই তিনি পাশের গ্রামের এক যুবককে মারধর করেন। এমনকি একজন সংখ্যালঘু বৃদ্ধাকেও প্রকাশ্যে চড়-থাপ্পড় মারার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, তার পরিবারের কেউ এসব বিষয়ে ব্যবস্থা নেয় না।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি