
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলার ৫নং মুরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মো. সিহাব শেখকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক হয়রানি এবং সমাজসেবা কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর ২০২৫) সকালে মুরইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি প্যানেল চেয়ারম্যান-২ মো. সিহাব শেখকে দায়িত্ব থেকে সরানোর অপচেষ্টা এবং হয়রানি স্থানীয় সরকার ব্যবস্থার প্রতি সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, ইউএনও ইচ্ছাকৃতভাবে তাকে প্রশাসনিকভাবে চাপে রাখছেন এবং স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে সমাজসেবা কর্মকর্তাকে ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে—যা বেআইনি এবং গণতান্ত্রিক রায়ের প্রতি অসম্মানজনক।
বক্তারা আরও বলেন, একজন নিরপেক্ষ, নির্বাচিত জনপ্রতিনিধিকে বাদ দিয়ে একজন সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে বসানো হলে জনগণের মধ্যে স্থানীয় সরকার ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হবে। তারা অবিলম্বে সমাজসেবা কর্মকর্তার প্রশাসক নিয়োগ বাতিল ও ইউএনও’র হয়রানির ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
উল্লেখ্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ (সিভিল পিটিশন নং ২৮৫৯/২০২৫) মুরইল ইউনিয়ন পরিষদে সমাজসেবা কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগের বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। ফলে হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-২ মো. সিহাব শেখ দায়িত্বে বহাল থাকবেন।
মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ জনগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও তরুণ সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা