
আবুল হাশেম
রাজশাহীতে (৪ অক্টোবর) শনিবার থেকে শুরু হচ্ছে “৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫”। এক সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১০ অক্টোবর পর্যন্ত রাজশাহী টেনিস কমপ্লেক্সে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতা, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তা এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের আয়োজনে এ আসর অনুষ্ঠিত হচ্ছে।
এবারের টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের মোট ৫২ জন খেলোয়াড় এবং ১০ জন কোচ ও ম্যানেজার অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ২১ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে।
অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য খেলোয়াড় হলেন থাইল্যান্ডের পাতানালারফান নাপাত (আইটিএফ জুনিয়র র্যাংকিং ১৯৪০) এবং জাপানের ঈষিধা হারু (আইটিএফ জুনিয়র র্যাংকিং ১৭৮৮)। এছাড়া আরও ১৭ জন আইটিএফ র্যাংকিংধারী খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নেবেন।
বালক এককে ৩২ এবং বালিকা এককে ৩২ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবেন। কোয়ালিফাইং রাউন্ড অনুষ্ঠিত হবে ৪ ও ৫ অক্টোবর এবং মূল খেলা শুরু হবে ৬ অক্টোবর সকাল ৯টায়।
টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। আর টুর্নামেন্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আইটিএফ অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি মাসফিয়া আফরিন।
উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর বিকেল ৩টা ৩০ মিনিটে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডিআইজি রাজশাহী রেঞ্জ মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম।
আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টটি জনপ্রিয় ও আকর্ষণীয় করার জন্য দর্শকদের জন্য প্রবেশ ফি রাখা হয়নি। রাজশাহীর স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।
১০ অক্টোবর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২