
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৭টি ইউনিয়নের ৭৯টি পূজা মণ্ডপে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সূচনা হয়ে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।
বিজয়া দশমী উপলক্ষে সকালে গ্রীশনগর মন্দিরসহ বিভিন্ন মন্দিরে হিন্দু নারীরা দেবী দুর্গার পায়ে সিঁদুর অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তারা একে অপরের গালে সিঁদুর মেখে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলের মঙ্গল কামনা করেন। বিকালে প্রতিমা বিসর্জন দেখতে মধুমতি নদীর পাড়ে জড়ো হন হাজারো ভক্ত। কারও চোখে অশ্রু, আবার কেউ নেচে-গেয়ে আনন্দ-উল্লাসে মুহূর্তটি উপভোগ করেন।
দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা জানান, প্রতি বছর দেবী দুর্গা কৈলাস ছেড়ে বাবার বাড়িতে এসে পাঁচ দিন অবস্থান করেন। এ সময় ভক্তরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তার আরাধনায় মগ্ন থাকেন।
মোল্লাহাট পূজা উদযাপন কমিটির এক সদস্য বলেন, “এবারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপর ছিল। তাই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।”
বিসর্জন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও চাউলটুরী, তেতুলবাড়ী, চাঁদেরহাট, ঘোড়াদাড়াসহ বিভিন্ন স্থানে বসেছিল মেলা। শিশুদের খেলনা, মাটির তৈরি পুতুল, হাড়ি-পাতিল, ব্যাঙ্ক, ঝুড়ি-মুড়কি, খাজা, লাড্ডু, প্লাস্টিক সামগ্রীসহ নানা পণ্যের দোকানে ছিল উপচে পড়া ভিড়। এছাড়া নারীদের প্রসাধনীর দোকানও ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। মেলা আয়োজকরা জানান, পূজার শেষে বিসর্জনের দিনই সবচেয়ে বেশি বেচাকেনা হয়।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ