
মোহাম্মদ খোরশেদ হেলালী,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা অবস্থায় নারী ও শিশুসহ ৮ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী৷ বুধবার (১ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফের বাহারছড়া জুম্মাপাড়া পাহাড় সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী ও শিশুসহ ৮ জন ব্যক্তিকে উদ্ধার করেন৷
অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের নিমিত্তে নৌবাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। তিনি আরও বলেন, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান