
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কুখ্যাত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সিরাজুল ইসলাম পাঠা ওরফে কালু ডাকাতকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন শিবগঞ্জ থানার এসআই মঞ্জয় কুমার কুন্ডু। কালু ডাকাতের অনুসারীদের ছোড়া ইটের আঘাতে গুরুতর আহত হন তিনি। তার মাথায় ৭টি সেলাই লেগেছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা অস্বাভাবিক বলে জানিয়েছেন চিকিৎসক।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দুদাহার গ্রামের মৃত দিলবর রহমানের ছেলে কালু ডাকাতের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও অন্যান্য অপরাধে মোট ১৬টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করতে অভিযানে যায় শিবগঞ্জ থানা পুলিশ, এসআই মঞ্জয় কুমার কুন্ডুর নেতৃত্বে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কালু ডাকাত চিৎকার করে “ডাকাত ডাকাত” বলে গুজব ছড়ান। এতে বাড়ির অন্যান্য সদস্য ও অনুসারীরা লাঠিসোটা নিয়ে পুলিশকে অবরুদ্ধ করে এবং বাড়ির ছাদ থেকে এলোপাথাড়ি ইট ছুড়তে থাকে। একপর্যায়ে এক ইটের আঘাতে এসআই মঞ্জয়ের মাথা ফেটে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও গুজব ছড়ানোর অভিযোগে এসআই মঞ্জয় কুমার কুন্ডু বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, “কালু ডাকাতের বিরুদ্ধে রাজশাহী, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা ডিএনপি ও বগুড়াসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। তাকে আটকে গেলে গুজব ছড়িয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ