
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় বিপুল পরিমাণ মদসহ একটি অভিযানে ৬১০ বোতল মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশের একটি সূত্র জানায়, শেরপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের পলাতক আসামি হৃদয় বাসফোর (২৯), পিতা মৃত লালজি বাসফোর—এর বসতবাড়ির বসতঘর থেকে ২০০ বোতল কেরু অ্যান্ড কোম্পানির কান্ট্রি লিকার এবং ৪১০ বোতল চোলাই মদ জব্দ করা হয়। অভিযানে সর্বমোট ৬১০ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, হৃদয় বাসফোরের বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা বিচারাধীন রয়েছে। নতুন করে উদ্ধার হওয়া মদের ঘটনায় তার বিরুদ্ধে শেরপুর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত হৃদয় বাসফোর পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।