হোম » সারাদেশ » স্কুল শিক্ষকের হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

স্কুল শিক্ষকের হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গ্রেফতার শিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কামরুজ্জামান চান ও আহত প্রধান শিক্ষক বিপুল মিত্র

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্রের হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত সরদার কামরুজ্জামান চাঁনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যাক্তি বাদী হয়ে সদর থানায় মামলা দায়েরের পর পুলিশ চাঁনকে গ্রেফতার করে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান শেষে নিজের মোটরসাইকেলযোগে বিদ্যালয় থেকে পিরোজপুর শহরে ফেরার পথে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা নামক স্থানে ৭-৮ জন যুবক ৩-৪টি মোটরসাইকেলযোগে প্রধান শিক্ষক বিপুল মিত্রের গতিরোধ করে। পরে তারা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে তার দুই পা ও ডান হাত ভেঙে যায়। এ সময় তার সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও আহত হন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে বিপুল মিত্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
মামুন অভিযোগ করেন চাঁন ও জিয়া‌উল ইসলাম খানের নির্দেশে ১০-১২ জন যুবক এ হামলা চালায়। বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

চাঁনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। এর মধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!