প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ণ
নাচোলে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

মোঃ আরিফুল ইসলাম , নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় নাচোল উপজেলা মাঠে ফুটবল গড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামাল হোসেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় ক্রীড়াবিদরা। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউএনও কামাল হোসেন ।
তিনি তার বক্তব্যে বলেন,ক্রীড়াই পারে তরুণ প্রজন্মকে মাদক, জঙ্গিবাদ ও সকল অশুভ পথ থেকে দূরে রাখতে। খেলাধুলার মাধ্যমে যেমন শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, তেমনি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী তৈরি হয়। নাচোলের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে, এটাই আমাদের প্রত্যাশা।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন বলেন,জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ দেহে সুস্থ মনের অধিকারী করতে হলে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও মনোযোগী হতে হবে।
উদ্বোধনী পাইলট উচ্চ বিদ্যালয় ও ভাতসা উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা মুখোমুখি হয়। মাঠে উপস্থিত শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমী দর্শকের করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
উল্লেখ্য, আগামী তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অ্যাথলেটিক্স, ফুটবল, ভলিবলসহ নানা ইভেন্টে অংশগ্রহণ করবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.