
মুহাম্মদ আরিফ বিল্লাহ , পিরোজপুর:
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ছোট ভাই আমিনুল ইসলাম নুর বলেন, এখনো আমার চোখের সামনে রক্ত মাখা নুর ভাইয়ের মুখটা ভাসে। আমি এমন এক দুর্ভাগা ভাই যে, ১৮ এর কোঠা আন্দোলন থেকে শুরু করে ডাকসু নির্বাচন। আমার ভাইকে ছায়ার মতো আগলে রেখেছি, তার যতো গুলো প্রোগ্রাম ছিল সব গুলোতে থেকেছি। আমার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল যে, আমার ভাইকে যেন কেহ আঘাত না করতে পারে। ভেবেছিলাম দেশের মানুষ নির্যাতিত, নিপিড়ীত এবং হায়না বাহিনীর কাছে যারা জিম্মি এ থেকে উদ্ধারের একমাত্র নায়েক নুর ভাই। তাই আমার জীবনের সর্বোচ্চটা দিয়ে তাকে আগলে রাখতাম।
শনিবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী পিরোজপুর শহরের একটি কনভেনশন হলে নুরের সুস্থতায় দোয়া ও গণঅধিকার পরিষদের পিরোজপুর জেলা নবগঠিত কমিটির পরিচিতি সভায় আমিনুল নুর বক্তব্যের সময় এসব কথা বলেন।
আমিনুল আরও বলেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে নুর ভাই ভিপি হওয়ার পরে আমাদের ওপর নারকীয় তান্ডব চালিয়েছিলো হায়নার দল ছাত্রলীগ। সেদিন আমি নুর ভাইকে রক্ষায় ঢাল হয়ে মাথা পেতে দিয়েছিলাম সে সময় সর্বপ্রথম আঘাতটা আমার মাথায় লেগেছিল, তখন অচেতন অবস্থায় ১৮ দিন হাসপাতালে ছিলাম। সেদিন তাকে রক্ষা করতে পেরেছিলাম, কিন্তু গত মাসের ২৯ আগস্ট যে হামলা হয়েছে তখন ব্যাক্তিগত কাজে আমি বরগুনাতে ছিলাম। সে কারনে হয়তো আমি তাকে রক্ষা করতে পারিনি। এ কারণে ভাইকে আজ রক্তাক্ত অবস্থায় দেখতে হলো।
সভায় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, জেলা সভাপতি ইমরান খান রাসেল, সহ সভাপতি ইয়ার হোসেন রিপন, আতিকুল ইসলাম মান্না, ফোরকান হাওলাদার, সেক্রেটারি কালিমুল্লাহ ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, সাঈদ খোকন, আলাউদ্দিন হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজ খান আরিফ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, যুব অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাসেল, শ্রমিক অধিকার পরিষদ নেতা ইমাম হোসেনসহ আরও অনেকে।