
মো: তারিকুর রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
জীবননগর উপজেলার সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙ্গে পানির প্রবল স্রোতের চাপে একের পর এক ভেঙ্গে পড়ছে ব্রীজ। মনোহরপুর, সন্তোসপুর, রাঙ্গিয়ারপোতা ব্রীজের পর এবার ধসে পড়েছে সিংনগর গ্রামের ব্রীজ।এছাড়াও ব্রীজের চারিপাশে ফাটল দেখা দিয়েছে।শুধুমাত্র পায়ে হেটে ও দুই চাকার যানবাহন নিয়ে চলাচল করতে পারছে পথচারীরা।ব্রীজ টি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রীজের বাকি অংশ গুলোও ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই ব্রীজের ওপর রাস্তা দিয়ে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল দিয়ে থাকে।
ব্রীজের ক্ষয়ক্ষতির জন্য সিংনগর মৎস্যজীবী সমিতির সদস্যদের দায়ী করে শুক্রবার(১৯ সেপ্টেম্বর) সকাল ৮ টায় মানববন্ধন করেন এলাকাবাসী।
মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য আহাদ আলী বলেন, ব্রীজ টি এই এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রীজের ওপর দিয়ে সিংনগর গ্রাম ছাড়াও আশেপাশের ৮/১০ টি গ্রামের মানুষ যাতায়াত করে। এই ব্রীজ টি ভেঙ্গে যাওয়ার কারনে হাজার হাজার মানুষ এখন গৃহবন্দী হয়ে পড়েছে। কৃষকেরা তাদের কৃষিপণ্য এই ব্রীজের ওপর দিয়ে দর্শনা ও অন্যান্য যায়গায় নিয়ে যায়। ছাত্রছাত্রীরা এখন স্কুলে যেতে পারছে না।ব্যবসায়ীরা তাদের মালামাল আনা নেওয়া করতে পারছে না।
তিনি আরও বলেন সিংনগর বাঁওড় কতৃপক্ষ তাদের ইচ্ছামত বাঁধ খুলে দেওয়ার কারনে পানির স্রোতের চাপে ব্রীজ গুলো ভেঙ্গে পড়েছে। প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি বাঁওড় কতৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিতে।
মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে মামুন হোসেন বলেন, আমাদের পূর্ব থেকে কোনো সতর্কবার্তা ছাড়া সিংনগর বাঁওড় কতৃপক্ষ বাঁধ খুলে দিয়েছে। এতে করে ব্রীজ ভেঙ্গে যাওয়া ছাড়াও, রাস্তা ধসে পড়েছে ও অনেক বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।
মিরাজ হোসেন নামের আরেকজন বলেন,সিংনগর বাওড় কতৃপক্ষ তাদের নিজেদের লাভের জন্য ইচ্ছামত বাঁধ দেয় ও বাঁধ খুলে দেয়। তারা শুধু নিজেদের স্বার্থের কথা ভাবে সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভাবে না।
মানববন্ধন অনুষ্ঠানে সিংনগর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। ব্রীজ ও রাস্তা ভেঙ্গে যাওয়ার কারনে গ্রামবাসী সিংনগর মৎস্যজীবী সমিতির সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ