
মোহাম্মদ হানিফ: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের যুবদল সদস্য মো. ফারুক হোসেন (৩৬) ও তার ছেলে জিহাদ হোসেন (১৯) কে ইয়াবাসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ উত্তর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ সেনা ক্যাম্পের টহলরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিতা-পুত্রকে আটক করে। এসময় মো. ফারুক হোসেনের লুঙ্গির ভেতর থেকে একটি নীল রঙের এয়ারটাইট প্যাকেটে ৩০ পিস এবং তার ছেলে জিহাদের প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
জানা গেছে, আটককৃত ফারুক হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক ব্যবসার সাথে জড়িত। এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন থাকলেও এতদিন পর্যন্ত তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা চলছে, বিশেষ করে যুবদলের এক সক্রিয় সদস্যের বিরুদ্ধে এমন অপরাধে মামলা দায়ের হওয়ায় সংগঠনটির ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকে।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, “আটক ফারুক হোসেন ও তার ছেলে জিহাদ হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের কুমিল্লার আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল