হোম » সারাদেশ » নলডাঙ্গা ভূষণ হাইস্কুলে ডিবেটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা গড়ছেন প্রাক্তন শিক্ষক আজিবর রহমান

নলডাঙ্গা ভূষণ হাইস্কুলে ডিবেটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা গড়ছেন প্রাক্তন শিক্ষক আজিবর রহমান

মো:রাফাত হোসেন, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মান অটুট রাখতে আয়োজন করা হয় প্রাণবন্ত ডিবেটিং প্রতিযোগিতা। এই উদ্যোগে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক আজিবর রহমান।

শিক্ষার্থীদের শুধুমাত্র বই মুখস্থের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে জ্ঞান প্রয়োগের সক্ষমতা গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। দিনব্যাপী প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দল ভাগ করে পক্ষ ও বিপক্ষে নিজেদের যুক্তি উপস্থাপন করে। “শিক্ষার মান উন্নয়নে বিতর্ক অপরিহার্য” এমন বার্তা ছড়িয়ে পড়ে সারা আয়োজনে।

প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, “এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস তৈরি করে। তারা ভবিষ্যতে প্রশাসন, শিক্ষা কিংবা ব্যবসা যে ক্ষেত্রেই যাক না কেন, যুক্তিভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবে।”

সহকারী প্রধান শিক্ষক রুহুল আমীন ও সহকারী শিক্ষক শামীম উদ্দীন জানান, শিক্ষার্থীদের জন্য এটি একটি ইতিবাচক পদক্ষেপ। ভবিষ্যতেও এমন প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হবে।

প্রাক্তন শিক্ষক আজিবর রহমান বলেন, “আমি চাই শিক্ষার্থীরা শুধু ভালো ফলেই সীমাবদ্ধ না থেকে যুক্তিবাদী মানুষ হোক। ডিবেটিং প্রতিযোগিতা তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সঠিক সিদ্ধান্ত নেওযার দক্ষতা গড়ে তোলে।”

অনুষ্ঠানে সহকারী শিক্ষক বাবুল আক্তার, মানিক ঘোষ ও সুজন বিশ্বাসসহ অভিভাবকরাও উপস্থিত ছিলেন। তারা মত দেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শুধু শিক্ষাজীবনেই নয়, বরং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!