প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৩:৩২ অপরাহ্ণ
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের উপর সশস্ত্র হামলার প্রধান আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার

মোহাম্মদ খোরশেদ হেলালী
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের উপর সশস্ত্র হামলার ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামী এবং একাধিক মামলার পলাতক সন্ত্রাসী আবু সৈয়দ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন এই তথ্য জানান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে বান্দরবানের লামা উপজেলা এলাকায় অভিযান চালিয়ে আবু সৈয়দকে গ্রেফতার করে মহেশখালী থানা পুলিশ। সে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুসখালী এলাকার বাসিন্দা।
গত ১১ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটের দিকে মহেশখালী থানার এএসআই সেলিম মিয়া ও তার সঙ্গীয় দুই কনস্টেবল রাতের টহলে থাকা অবস্থায় আফজলিয়া পাড়া এলাকায় পৌঁছালে আবু সৈয়দের নেতৃত্বে ২০-২৫ জনের একদল সশস্ত্র ডাকাত পুলিশ টহল দলের উপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনজন পুলিশ সদস্য গুরুতর আহত হন।
এই ঘটনায় মহেশখালী থানায় মামলা (নং-২০, তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৫) রুজু করা হয়। ইতোমধ্যে এ মামলায় আটজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আবু সৈয়দকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আবু সৈয়দ তার নিজ বসতবাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করে। পরে পুলিশ তাকে সঙ্গে নিয়ে মহেশখালীর ইউনুসখালী এলাকায় অভিযান চালিয়ে তার দেখানো জায়গা থেকে উদ্ধার করে ০১টি দেশীয় একনালা বন্দুক,০২টি এলজি,০৩টি তাজা কার্তুজ। পুলিশের তথ্য অনুযায়ী, আবু সৈয়দের বিরুদ্ধে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.