
মুহাম্মদ আরিফ বিল্লাহ , পিরোজপুর:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ২৪ এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে, পিছিয়ে পড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ৫ আগস্ট এর পর থেকে এখন পর্যন্ত পিরোজপুরের উন্নয়নে যা যা করেছি তার কিছু অংশ আমি আপনাদের সামনে পেশ করতে চাই।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের আয়োজনে এবং জামায়াতের জেলা প্রচার-মিডিয়া সম্পাদক সোহরাব হোসাইন জুয়েল এর সভাপতিত্বে ও সঞ্চালনায় পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মাসুদ সাঈদী এসব মন্তব্য করেন।
মাসুদ সাঈদী বলেন, পিরোজপুর পৌরসভার ১০০ বছরেরও বেশি পুরনো একটি পৌরসভা হলেও এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড বলতে কিছুই নেই। এখানে একক শাসনের নামে শোষণ করে জনগণের টাকায় উন্নয়ন না করে পকেট ভারী করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। এখানে চলাচলের অনুপযোগী ৮ থেকে ১০ ফুট চওড়া রাস্তা রয়েছে, পয়:নিষ্কাশন ও ড্রেনেজের ভালো কোনো ব্যবস্থা নেই। সুপেয় পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, রাস্তাঘাটের বেহাল দশা, চরম দুর্দশায় মানুষের ভোগান্তির শেষ নেই, ভালো কোনো স্থাপনা নেই।
তিনি আরও বলেন, আমি পৌরসভার উন্নয়নের কাজে ৩৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়ার জন্য একটি স্কিম মন্ত্রণালয়ে জমা করেছি। অতি শীঘ্রই স্কিমের বরাদ্দ চলে আসবে। সুপেয় পানির ব্যবস্থার জন্য জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ছয়টি পাওয়ার প্লান্ট বরাদ্দের ব্যবস্থা করেছি। এক একটি পাওয়ার প্লান্টে ৩ কোটি টাকা করে মোট ১৮ কোটি টাকার বরাদ্দ করিয়েছি। এক একটি পাওয়ার প্লান্টে ৩০০ থেকে ৪০০ লোকের পানির ব্যবস্থা করা যাবে।
এমপি প্রার্থী বলেন, পিরোজপুরে ও নাজিরপুরে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থাকলেও ইন্দুরকানীতে কোনো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নেই। আমি তিন একর জমির ওপর ইন্দুরকানীতে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বরাদ্দ করিয়েছি। এর ফলে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে মানুষের বেকার সমস্যার দূর হবে, কর্মের ব্যবস্থা হবে। ইন্দুরকানীতে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল থাকলেও আমি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করবার ব্যবস্থা করিয়েছি। উচ্চ ক্ষমতা সম্পন্ন পাওয়ার জেনারেটরসহ হাসপাতাল সংস্কার কাজে সাড়ে সাত কোটি টাকার বরাদ্দ করিয়েছি যা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জন অবগত আছেন।
মাসুদ সাঈদী আরও বলেন, ইন্দুরকানীতে অকেজো একটি ডাকবাংলো রয়েছে। আমি ইন্দুরকানীতে ৪ তলা বিশিষ্ট ডাকবাংলোর জন্য ১ কোটি ৪৩ লক্ষ টাকা বরাদ্দ করিয়েছি, নাজিরপুর হাসপাতালে সংস্কারের জন্য স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে এক সপ্তাহের মধ্যে ১০ লক্ষ টাকার বরাদ্দ এনেছি, নাজিরপুর থানা সংস্কারের জন্য আমি ছয় লক্ষ টাকার বরাদ্দ এনেছি। এছাড়া আমি আমার নির্বাচনী এলাকার মানুষের সকল ধরনের সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও আমার প্রচেষ্টা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরো বেগবান করতে চাই। এজন্য সকলে সহযোগিতা ও দোয়া কামনা করছি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও পিরোজপুর জেলা আমির বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। সমাপনী বক্তব্য দেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম রেজাউল ইসলাম শামীম। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারি সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইছাহাক আলীসহ জেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভা শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাপ্তাহিক সোনার বাংলা ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সাংবাদিকের এক প্রশ্নের জবাবে “ঢাবি নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে সুদুর প্রসারী প্রভাব ফেলবে রলে মন্তব্য করেন। “

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা