
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় নতুনপাড়া এলাকায় নির্মিত একটি ব্রিজ এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মূল কাঠামোর নির্মাণ শেষ হলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় বছরের পর বছর ধরে তা ব্যবহার করা যাচ্ছে না। ফলে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির পূর্ব পাশে রয়েছে একটি আলিম মাদ্রাসা, যেখানে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করে। সংযোগ সড়ক না থাকায় শিক্ষার্থীদের বিকল্প ও দীর্ঘপথে যাতায়াত করতে হচ্ছে। এতে শুধু সময়ই নষ্ট হচ্ছে না, অনেক সময় ক্লাসও মিস হচ্ছে। এক শিক্ষার্থী জানায়, “এতো উঁচু ব্রিজে উঠতে পারি না, তাই অনেকখানি ঘুরে মাদ্রাসায় যেতে হয়। এতে দেরি হয়ে যায়, ক্লাস মিস হয়।”
ব্রিজটির পশ্চিম পাশে রয়েছে স্থানীয় বাজার। ফলে বাজারে যাতায়াত করাও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বয়স্ক, নারী ও অসুস্থদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে দুর্বিষহ। জরুরি অবস্থায় রোগী হাসপাতালে নিতে গিয়ে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর ইসলাম বলেন, “ব্রিজটি বহু আগেই হয়েছে, কিন্তু সংযোগ সড়ক না থাকায় কোনো কাজেই লাগছে না। বাজার বা হাসপাতালে যেতে হলে অনেক পথ ঘুরতে হয়।”
এ বিষয়ে খামারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজেদুর রহমান মিলন জানান, “ব্রিজটির সংযোগ সড়কের কাজ এখনো শুরু হয়নি, তবে বিষয়টি ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা আশা করছি, খুব দ্রুতই কাজ শুরু হবে।”
স্থানীয়রা দ্রুত ব্রিজটির সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে করে দীর্ঘদিনের ভোগান্তি থেকে তারা মুক্তি পান এবং ব্রিজটি তার প্রকৃত উদ্দেশ্য পূরণ করতে পারে।