
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
অর্ধশত নারী-পুরুষ নামিয়ে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা চালিয়ে ৫৪ খানি জমি দখলের চেষ্টা চালিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। ঘটনাটি ঘটেছে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা বিবিরখিল পূর্ব বিলে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। পাশাপাশি আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে জমি দখলে না যাওয়ার জন্য অনুরোধ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বরইতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পহরচাঁদা পূর্বপাড়ার মরহুম মোস্তাক আহমদ চৌধুরীর বিএস ও আরএস খতিয়ানভুক্ত দীর্ঘদিনের ভোগদখলীয় জমি তার পুত্র মেজবাহ উদ্দিন চৌধুরী নিয়মিত চাষাবাদ করে আসছেন। জমিটি স্থানীয় কৃষকদের বর্গা দিয়েও চাষ করা হয়ে থাকে।
এতে স্থানীয় মোঃ শামশুল হুদা, আবুল বশর, কামরুদ্দিন এবং কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকার মোঃ এহেছানুল করিম, ওসমান গনি, এছারুল করিম, মোঃ ইছহাক, মোঃ রেজাউল করিম, মোঃ ইউছুপ, মোঃ ইলিয়াছসহ একটি সংঘবদ্ধ লাঠিয়াল বাহিনী অর্ধশত নারী-পুরুষ উপস্থিত করে উক্ত জমি দখলের চেষ্টা চালান। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
এর আগে জমি জবরদখলের হুমকি পাওয়ায় মেজবাহ উদ্দিন বাদী হয়ে গত ১৬ আগস্ট ২০২৫ তারিখে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৯৩১) রুজু করেন। ওই জিডির প্রেক্ষিতে এসআই মোফাজ্জল হোসেন ঘটনাস্থলে গিয়ে দখলবাজদের সরে যেতে বাধ্য করেন এবং উভয় পক্ষকে তাদের কাগজপত্র নিয়ে থানায় হাজির হওয়ার নির্দেশ দেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি