প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:২০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ১:১৬ অপরাহ্ণ
“শহীদ জিয়া সামরিক শাসক হয়েও সততা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন”-অধ্যক্ষ ডাঃ এস এম সারোয়ার।

মোহাম্মদ আসাদুজ্জামান : গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সারোয়ার বলেছেন, শহীদ জিয়া সামরিক শাসক হিসেবে ক্ষমতায় এসেও সততা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।
তিনি বলেন, নির্বাচনের আগে রাষ্ট্র ও সমাজ সংস্কার করতে হবে। রাজনৈতিক নেতাকর্মীদের চিন্তা ও মনোজগতে সংস্কার আনতে হবে, শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনতে হবে।অন্যথায় যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক তাদের মধ্যে কিছু দুস্কৃতিকারী ও খারাপ লোক ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর জুলুম করবে, অর্থ চুরি ও পাচার করবে,জবরদখল করবে এবং সমাজের শান্তি বিনষ্ট করবে। পক্ষান্তরে,আজ রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীই দলদাসে বা গোলামে পরিণত হয়ে গেছেন। তারা নিজের ইচ্ছায় স্বাধীনভাবে কথাও বলতে পারেন না,কাজ ও করতে পারেন না।এটাও রাজনীতির জন্য অশনিসংকেত।
তিনি আরো বলেন, প্রতিহিংসার রাজনীতি আজো বন্ধ হয় নাই।মব জাস্টিস ধারাবাহিক ভাবে ঘটে চলেছে। মব জাস্টিস কেনো হচ্ছে? রাজনৈতিক সরকার ও সরকার সমর্থকরা অন্যায়-অত্যাচার করেছে, মানুষ গুম করেছে,খুন করেছে, জুলুম নির্যাতন করেছে।মানুষ বিগত দিনে ন্যায়বিচার পায় নাই। বিচারকদের কাছে মানুষ যখন ন্যায়বিচার পায় না অথবা ন্যায়বিচার নিয়ে হতাশা তৈরি হয়,তখন মানুষ রাগ ও ক্ষোভ থেকে মব জাস্টিস করে।তারা মনে করে আদালতে গেলে অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাবে। তাই তারা গণরায়ে শাস্তি কার্যকর করে। এই অবস্থা থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত জনগণকে আস্থায় নিতে সর্বাত্মক চেষ্টা করা।
তিনি জোর দিয়ে বলেন,আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচন করলে জাতির কল্যাণ হবে না।
বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এবিএম এরশাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ডেসটিনির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ হাসান নিজামী,বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি এস এম আবু তাহের, সহ-সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন রনি, ডাঃ সৈয়দা হাবীবা মুশতারী প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.