
এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের ঘোষিত ৪ দফা দাবির প্রেক্ষিতে চকরিয়া পল্লী বিদ্যুৎ সমিতির চকরিয়া জোনাল অফিসের আওতাধীন সকল এলাকায় মাঠ পর্যায়ের সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
চকরিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মোট জনবল ১০২ জনের মধ্যে বর্তমানে ০৪ জন ছুটিতে আছেন, বাকিরা ইউনিটে উপস্থিত রয়েছেন । মাঠ পর্যায়ের নিয়মিত কাজ বন্ধ থাকলেও জরুরি কার্যক্রম চালু রয়েছে। এখনো গণ ছুটিতে কেউ যাননি, তবে যেকোনো সময় গণ ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
অফিস সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি আপাতত স্বাভাবিক থাকলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিদ্যুৎ কর্মচারীদের এমন হুমকিতে সাধারণ জনগণ আতংকের মধ্যে রয়েছে ।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এমরান গনি।