
পিরোজপুর জেলা সংবাদদাতা
পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ০১জনকে দুই বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে মো: মজিবুর রহমান এ রায় দেন। রায় প্রদানের সময়ে দুই আসামী আদালতে উপস্থিত ছিলেন বাকী আসামীরা পলাতক রয়েছেন।
কারাদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, এজাজ শরীফ (২৭), আক্কাস শরীফ (৫২), সাফায়েত শরীফ (৫২), শেফালী বেগম (৪৫), হেপী বেগম (২৮), লিমা বেগম (২০) এবং ০২ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামী এমরান (২৮)। আসামীরা সবাই সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।
মামলা সূত্রে জানাযায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৪ সালের ১০ জুলাই রাতে আবুল কালাম শরীফ (৫৫) আসামীদের বাড়ির পাশ থেকে আসার সময়ে ওৎ পেতে থাকা আসামীরা একত্রিত হয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে এবং পিটিয়ে মারাত্বক আহত করে। আহত আবুল কালাম শরীফকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই হাকিম শরীফ পরের দিন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো: ওয়াহিদ হাসান বাবু জানান, সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার এক ব্যবসায়ীকে হত্যা মামলায় আদালত ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন এবং এক জনকে ২ বছরের কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমান অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। ১১ জন আসামীদের মধ্যে দুই আসামী শিশু হওয়ায় তাদের শিশু আদালতে পাঠানো হয় এবং একজনকে বেকসুল খালাস দেয়া হয়েছে। একজন আসামী মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত এ রায় দেন। রায় প্রদানের সময়ে দুই আসামী সাফায়েত শরীফ ও হেপী বেগম উপস্থিত ছিলেন।