
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শহরের রংপুর রোডের দত্তবাড়ী এলাকায় অবস্থিত শতাব্দী ফিলিং স্টেশনের ম্যানেজারকে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে ফিলিং স্টেশনটির ক্যাশ কাউন্টারে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
নিহতের নাম ইকবাল হোসেন (২৪)। তিনি সিরাজগঞ্জ জেলার পিপুলবাড়িয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। প্রায় আড়াই বছর ধরে শতাব্দী ফিলিং স্টেশনে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। বগুড়া শহরের শিববাটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
ঘটনার সময় ইকবালের সঙ্গে ডিউটিতে ছিলেন নিশ্চিন্তপুর এলাকার রতন নামের এক যুবক, যিনি সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন, যা তাকে সন্দেহের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মাদ গণমাধ্যমকে জানান, “রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ইকবালের মরদেহ গলাকাটা অবস্থায় ক্যাশ রুমেই পড়ে ছিল। ইতোমধ্যে পিবিআই ও সিআইডি ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। হত্যার পেছনে কী কারণ থাকতে পারে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”
পুলিশের ধারণা, হত্যার পেছনে আর্থিক লেনদেন বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব জড়িত থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্তের অগ্রগতি প্রয়োজন।
ইকবালের পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের আকাশ। তাদের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে এভাবে হারিয়ে শোকে বিহ্বল পরিবার। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ পলাতক রতনকে আটকের জন্য অভিযান শুরু করেছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক