
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগ-এর সহ-সভাপতি পিয়াস আহমেদ (৩২) কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা। শনিবার রাত ৯টার দিকে বগুড়া শহরের কলোনি তাজমা এলাকা থেকে তাকে আটক করা হয়।
সরকারি শাহ সুলতান কলেজ শাখা ছাত্রদলের একদল নেতাকর্মী গোপনে অবস্থানরত পিয়াসকে সনাক্ত করে আটক করে এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পিয়াস আহমেদ ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের ফটিক উদ্দিন মহুরির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলার প্রধান আসামি পিয়াস দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে বগুড়ায় ছাত্রলীগ নেতা তাকবির হত্যা মামলাসহ মাদক, চাঁদাবাজি, হকার রব্বানী হত্যা এবং ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুরের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল