
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামে সবুজ-শ্যামল গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচশ’ বছরের প্রাচীন এক মসজিদ। স্থানীয়ভাবে আলিয়া মসজিদ নামে পরিচিত এই স্থাপনাটি ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হিসেবে এখনও টিকে আছে।
উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই মসজিদটি আবিষ্কৃত হয় প্রায় ২৫ বছর আগে। স্থানীয়দের ভাষ্য, হাজারকি গ্রামের পূর্বপাশে পরিত্যক্ত আলিয়া পুকুরপাড়ে জঙ্গল পরিষ্কার করার সময় মসজিদটির অস্তিত্ব প্রকাশ পায়। এরপর থেকেই এটি স্থানীয়দের আগ্রহ এবং দর্শনার্থীদের কৌতহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মাত্র ১৩ ফুট দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট এই মসজিদের উচ্চতা প্রায় ২২ ফুট। ভেতরে সর্বোচ্চ সাতজন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।
মসজিদের পূর্বদিকে তিন ফুট উচ্চতার একটি প্রবেশদ্বার রয়েছে। ভেতরে ছোট্ট একটি মেহরাব এবং কোণায় নকশা করা কারুকাজ এখনও চোখে পড়ার মতো। বাহিরের দেয়ালে পোড়া ইটের ক্ষয় দেখা গেলেও ভেতরের গম্বুজ ও ইটের গঠন এখনও মজবুত এবং দৃষ্টিনন্দন। কোনো নামফলক বা শিলালিপি না থাকায় এর নির্মাণকাল ও নির্মাতার পরিচয় নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, এটি মুঘল আমলের একটি নিদর্শন।
একই ইউনিয়নের বাসিন্দা উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকারের কাছে মসজিদ সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, মসজিদটিতে বেশ কয়েকবছর আগে নামাজ পড়েছিলাম। মসজিদে ৬/৭ জন মুসুল্লি নামাজ আদায় করা যায়। এক সময় মসজিদটি গাছ-গাছলা দিয়ে ঢাকা ছিল বর্তমানে তা পরিস্কার করা হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে মসজিদের রাস্তা সহ পুরো মসজিদটি সংস্কার করা হবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক