
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চকখাগা গ্রামে চুরি করতে গিয়ে ধরা পড়ে নিজের মামাকে ছুরিকাঘাত করেছে ভাগিনা। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক হওয়া কিশোরের নাম কাউছার (১৬)। সে ওই গ্রামের আল আমিনের ছেলে।
জানা গেছে, চকখাগা গ্রামের আবেদ আলীর ছেলে মো. আমিনুর (৩৫) দীর্ঘদিন ধরে নিজ গ্রামে একটি মুদির দোকান পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে নিরাপত্তার জন্য দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন তিনি। রাত আনুমানিক ১টার দিকে দোকানের ছাদের গ্যাস ফ্যান খুলে ভেতরে প্রবেশ করে তার ভাগিনা কাউছার।
এসময় আমিনুরের ঘুম ভেঙে গেলে কাউছারকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। ধরা পড়ার পর নিজেকে ছাড়িয়ে নিতে আমিনুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে কাউছার। আমিনুরের চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে কাউছারকে আটক করে। গুরুতর আহত অবস্থায় আমিনুরকে তাৎক্ষণিকভাবে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে কাউছারকে হেফাজতে নেয়।
স্থানীয়রা জানান, ঘটনার প্রায় এক মাস আগে একই দোকান থেকে কাউছার প্রায় ৫০ হাজার টাকা, ১৮ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড এবং কিছু সিগারেট চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে খানপুর বিট পুলিশ অফিসার এসআই আমিরুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার