
এইচ এম রুহুল কাদের, চকরিয়া
চকরিয়ার মাতামুহুরী নদীতে স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পৌরশহরের চিরিঙ্গা সোসাইটি এলাকায় যানজট নিরসনে ভাসমান হকার উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
এরপর একইদিন উন্নয়ন সমন্বয় কমিটির সভাও অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, নবাগত ওসি তৌহিদুল আনোয়ার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জায়নুল আবেদিন, উপজেলা কৃষি অফিসার শাহানাজ ফেরদৌসী, প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, সিনিয়র মৎস্য অফিসার আনোয়ারুল আমিনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।
সভায় বক্তারা বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ঘটনা তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
ইউএনও আতিকুর রহমান বলেন, “চকরিয়ার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, অপরাধ প্রবণতা কমানো, মাদক ও অবৈধ কার্যক্রম বন্ধ করা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সভায় গৃহীত সিদ্ধান্তগুলো কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।”
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:
মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ। পৌরশহরে যানজট নিরসনে ভাসমান হকার উচ্ছেদ অভিযান ও কমিটি গঠন। অনলাইন জুয়া প্রতিরোধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ। রেলওয়ে স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার। জন্মনিবন্ধন প্রস্তুত ও টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রমে তদারকি বৃদ্ধি।