হোম » সারাদেশ » চকরিয়ায় থানা হাজতে দুর্জয়ের মৃত্যু : ওসি-শিক্ষকসহ ৮ জনের বিরুদ্ধে এজাহার

চকরিয়ায় থানা হাজতে দুর্জয়ের মৃত্যু : ওসি-শিক্ষকসহ ৮ জনের বিরুদ্ধে এজাহার

এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় থানা হাজতে দুর্জয় চৌধুরী (২৫) নামে এক তরুণের মৃত্যুকে ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। পুলিশ দাবি করছে আত্মহত্যা, তবে পরিবার ও এলাকাবাসীর অভিযোগ—এটি পরিকল্পিত হত্যা।
চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দুর্জয়কে গত ২১ আগস্ট রাতে চেক জালিয়াতি ও টাকা আত্মসাতের অভিযোগে আটক করে পুলিশ। পরদিন ভোরে হাজতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
পরিবারের দাবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খানমসহ কয়েকজন দুর্নীতির প্রমাণ দুর্জয়ের কাছে ছিল। এ কারণে তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। দুর্জয়ের বাবা কমল চৌধুরী থানার সাবেক ওসি শফিকুল ইসলাম, এএসআই হানিফ মিয়া, দুই কনস্টেবল, প্রধান শিক্ষক রাবেয়া খানম, দুই সহকারী শিক্ষক ও এক অফিস সহায়কের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।
এজাহারের সময় কক্সবাজার জেলা জজ আদালতের কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন। তবে এখনো এটি মামলা হিসেবে রেকর্ড হয়নি।
এ ঘটনায় ওসি, এএসআই, দুই কনস্টেবলকে প্রত্যাহার এবং প্রধান শিক্ষক রাবেয়া খানমকে ওএসডি করা হয়েছে। পুলিশ ও শিক্ষা অধিদপ্তর পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।
জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট পিন্টু বড়ুয়া বলেন, “থানা হাজতে মৃত্যু মানবাধিকারের চরম লঙ্ঘন। ন্যায়বিচার না হলে আদালতের শরণাপন্ন হবো।”
দুর্জয়ের পরিবারের আহাজারি আর এলাকাবাসীর ক্ষোভে চকরিয়ার আকাশ-বাতাস এখন শোকাবহ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!