
এইচ এম রুহুল কাদের, চকরিয়া:
চকরিয়া উপজেলার মেরিন ফিশারিজ কর্মকর্তা মোসাদ্দেকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী অনিয়ম ও পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ উঠেছে। এছাড়াও তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ আরও কয়েকটি অভিযোগ পাওয়া গেছে।
নির্বাচনকালীন অনিয়মের অভিযোগ
২০২১ সালের অক্টোবরে মোসাদ্দেকুল ইসলাম চকরিয়ায় মেরিন ফিশারিজ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। একই বছরের ২৮ নভেম্বর কাকারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৭ নম্বর ওয়ার্ডের কল্লোল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযোগ রয়েছে, নির্বাচনের আগের রাতে তিনি একই ওয়ার্ডের মেম্বার প্রার্থী নাছির উদ্দীনের বাড়িতে নৈশভোজে অংশ নেন। ভোটগ্রহণের দিন বিকেল ৪টার পর সকল প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে তিনি ব্যালট বাক্স দ্বিতীয় তলায় নিয়ে যান, সেখানে ৪৫ মিনিট ব্যালট বক্স রাখেন তার হেফাজতে । মোটা অংকের অর্থ লেনদেনের মাধ্যমে নিজেই ব্যালট পেপারে সিল মেরে নাছির উদ্দীনের পক্ষে ব্যালট বাক্স পূর্ণ করে ফলাফল ঘোষণা করেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাজ্জাদ হোসেন ও মো. আব্দুল্লাহ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তার এমন পক্ষপাতমূলক ভূমিকা পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে এবং জনগণের রায়কে উপেক্ষা করে অন্যায়ভাবে একজন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়রা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।
অন্যান্য অভিযোগ
গত ৭ জুলাই (২০২৫) সন্ধ্যায় বমুবিলছড়ি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মনজুর কাদের এবং অন্যান্য আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে লামা কুটুমবাড়ি রেস্তোরাঁয় মোসাদ্দেকুল ইসলামের গোপন বৈঠকের অভিযোগ করেছেন স্থানীয় জনগণ। এই ঘটনা চকরিয়া উপজেলায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে এবং সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এছাড়াও, একই পদে দীর্ঘদিন ধরে কর্মরত থাকা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব অবহেলার অভিযোগ এনে নতুন প্রশাসক বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের দাবিও জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব জানান, ইউএনও ছুটিতে আছেন এবং তিনি ফিরে এলে বিষয়টি তাকে জানানো হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক