
এইচ এম রুহুল কাদের, চকরিয়া (কক্সবাজার): চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে এক সিএনজি চালকের উপর সংঘবদ্ধ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী চালক নাছির উদ্দিন (৩৯) বৃহস্পতিবার ( ২১ আগষ্ট) সকালে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে সাহারবিল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা এলাকার সামনে রাস্তার ওপর এ হামলার ঘটনা ঘটে। যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে রহিম সওদাগরের দোকানের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী তার সিএনজি থামিয়ে তাকে মারধর করে।
নাছির উদ্দিনের অভিযোগ অনুযায়ী, মোহাম্মদ ইউচুপ (২৮), মোহাম্মদ মানিকা (২৭) এবং আরও তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি তার উপর হামলা চালায়। তারা দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে ভীতি সৃষ্টি করে তার ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল (মূল্য ১৯,০০০ টাকা), একটি বাটন মোবাইল (মূল্য ১,০৫০ টাকা) এবং গাড়ি ভাড়ার ৯৫০ টাকা ছিনিয়ে নেয়। হামলায় আহত নাছির উদ্দিন পরবর্তীতে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসা নেন।
তিনি জানান, সন্ত্রাসীদের প্রাণনাশের হুমকির কারণে তিনি তৎক্ষণাৎ চিকিৎসা করতে পারেননি। চিকিৎসা ও অপরাধীদের পরিচয় সংগ্রহ করতে গিয়ে কিছুটা বিলম্বে ২১ আগস্ট থানায় অভিযোগ দায়ের করেন বলে জানান নাছির উদ্দিন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক