
রায়হানুল ইসলাম: বগুড়া শহরের উপকণ্ঠ চারমাথা বাসস্ট্যান্ডের উত্তর-পূর্ব পাশে সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ।
অভিযানকালে দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে রাখা বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। এতে দখলমুক্ত হয় গুরুত্বপূর্ণ ওই এলাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি জমি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চারমাথা বাসস্ট্যান্ডের উত্তর-পূর্ব পাশে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। প্রশাসনের এ উদ্যোগে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে।