হোম » সারাদেশ » বগুড়ায় প্রাণ ডেইরি ফার্মে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

বগুড়ায় প্রাণ ডেইরি ফার্মে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

‎এম. এ. রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরি ফার্মে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার এবং ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

‎সোমবার (১৮ আগস্ট) দুপুরে জেলা ডিবি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক ও গরু বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

‎গ্রেপ্তারকৃতরা হলেন: মো. দিদার (৩৪) ও মো. আব্দুল মান্নান (২৩) — দক্ষিণ ছোট মানিক, শাজাহানপুর, বগুড়া,মো. সোহেল (২৮) — লক্ষীপুর, বোরহানউদ্দিন, ভোলা ,মো. জিয়াউর রহমান (৩৫), সোনাপুর, তজিমুদ্দিন, ভোলা, মো. জাফর হোসেন (৪৫), নিশ্চিন্তপুর, আশুলিয়া, ঢাকা

‎পুলিশ জানায়, গত ৮ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর থানার পাড়টেপুর (আশেকপুর) এলাকার প্রাণ ডেইরি ফার্মে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল নিরাপত্তারক্ষীকে অস্ত্রের মুখে জিম্মি করে আটকে রেখে ফার্ম থেকে ৮টি মূল্যবান ফ্রিজিয়ান জাতের গরু (প্রায় ১০ লাখ টাকা) ও যন্ত্রপাতিসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

‎ঘটনার পরপরই শাজাহানপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয় এবং তদন্তভার দেওয়া হয় জেলা গোয়েন্দা শাখাকে। তদন্তে আন্তঃজেলা ডাকাত চক্রের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি, চুরি এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রমে জড়িত। তাদের মধ্যে মো. জিয়াউর রহমানের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ চারটি মামলা বিচারাধীন রয়েছে।

‎এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!