
রায়হানুল ইসলাম, বগুড়া সদর প্রতিনিধি
বগুড়া শহরের উপকণ্ঠ ছোটকুমিড়া এলাকায় একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে পৌরসভার ১৫নং ওয়ার্ডের ঝোপগাড়ি মার্কাস মসজিদের পিছনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. রাকিবুল রহমান ও তার বাবা আ. জলিল শেখ খালের পানি চলাচলের সুবিধার্থে আবর্জনা পরিষ্কার করার সময় কাপড়ে মোড়ানো একটি ব্যাগের ভেতর লোহার মতো বস্তু দেখতে পান। ব্যাগ খুলে তারা গ্রেনেড সদৃশ বস্তু দেখতে পেয়ে দ্রুত সদর থানায় খবর দেন।
সংবাদ পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে চারটি গ্রেনেড উদ্ধার করেন। পরে আরও দুটি উদ্ধার করে মোট ছয়টি গ্রেনেড নিজেদের হেফাজতে নেন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডগুলোকে নিরাপদে পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের ধারণা, উদ্ধারকৃত গ্রেনেডগুলো বহু পুরোনো এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়কার হতে পারে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানানো হয়নি।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা