প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৭, ২০২৫, ৪:১৬ অপরাহ্ণ
আলফাডাঙ্গায় যুবলীগ নেতা সবুজ গ্রেপ্তার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় সবুজ মিয়া (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে শনিবার সকাল ১১ টায় উপজেলার বিদ্যাধর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সবুজ মিয়া ওই এলাকার আবুল খায়ের মিয়ার ছেলে।
আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক লাভলু সর্দার। এছাড়া মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সবুজ মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়াও সবুজ মিয়ার বিরুদ্ধে প্রতিপক্ষের ওপর হামলা, হত্যা চেষ্টা, বাড়িঘর লুটপাটসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা আছে। এসব মামলার একটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
অভিযোগ রয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা। এরপর ১৩ আগস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবীতে আলফাডাঙ্গা সদর বাজারে অস্ত্র মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই অস্ত্র মিছিলের সম্মুখে থেকে নেতৃত্ব দেন সবুজ মিয়া।
এলাকাবাসীর ভাষ্যমতে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে নেতাদের নাম বিক্রি করে সবুজ মিয়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রাখতো। তারা বলছেন, আওয়ামী লীগের আমলে এলাকাবাসীর ওপর চরম জুলুম-নির্যাতন চালাতেন তিনি। প্রাণ ভয়ে অনেক পরিবার গ্রাম ছাড়া ছিলেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, 'একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সবুজ মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্ট ছিলো। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।'
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.