
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আরাফাত হোসেন (১৬) ও শিহাব (১৪) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দড়িগোবিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দড়িগোবিন্দপুর গ্রামের কোরবান আলীর ছেলে ও ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র আরাফাত হোসেন এবং একই গ্রামের ইমরান হোসেনের ছেলে ও কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র শিহাব। স্থানীয় ও স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাতে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী বয়রাতলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার করা হয়। ফরিদপুরে নেওয়ার পথে শিহাবের মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যান আরাফাত।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল