প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৩, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ
পাটগ্রামের বুড়িমারী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন করেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইনের শিকারদের আটক করে স্থানীয় থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার ভোরে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছে। এদের সবাই একই পরিবারের সদস্য।
বিজিবি জানায়, ভোরে বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৩৮এস এর নিকটবর্তী এলাকা দিয়ে ভারতের ৯৮ বিএসবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। সীমান্ত পিলার থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে মাছির বাজার এলাকায় ৬১ বিজিবি বুড়িমারী ক্যাম্পের টহল দল তাদের আটক করে।
আটককৃতরা জানান, প্রায় ২০ বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে গুজরাট প্রদেশের শচীন এলাকায় হকারি ব্যবসা করতেন। তারা নিজেদের বাংলাদেশি দাবি করে জানান, তাদের বাড়ি নড়াইল জেলার মঙ্গলহাটা এলাকায়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটককৃতদের বুড়িমারী ইউনিয়ন পরিষদে নিরাপদে রাখা হয়েছে এবং তাদের আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.